• [english_date] , [bangla_date] , [hijri_date]

বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

bilatbanglanews.com
প্রকাশিত May 9, 2026
বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বিবিএন নিউজঃ

লেবার পার্টির প্রার্থী ফরহাদ হোসেন পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এই জয়ের মধ্য দিয়ে তিনি ব্রিটেনের মূলধারার রাজনৈতিক দল থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র হিসেবে নতুন মাইলফলক স্থাপন করলেন।

তিনি ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন। এর মধ্য দিয়ে পূর্ব লন্ডনের গুরুত্বপূর্ণ এই বরোতে শুরু হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়।

বাংলাদেশি- ব্রিটিশ ফরহাদ হুসাইন এর আগে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত Plaistow North এলাকার লেবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনের ফল ঘোষণার পর শনিবার বিজয়ী ফরহাদ হোসেনকে ঘিরে নিউহ্যামের বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন মহলে উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দারা একে ব্রিটিশ-বাংলাদেশিদের রাজনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থায় এর আগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে লুৎফুর রহমান মেয়র নির্বাচিত হলেও তিনি স্বতন্ত্র ও নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জয় পেয়েছিলেন। সেই বিবেচনায় লেবার পার্টির মতো ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দলের ব্যানারে ফরহাদ হোসেনের এই বিজয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে নিউহ্যামের স্থানীয় রাজনীতিতে সক্রিয় ফরহাদ হোসেন কাউন্সিলর ও কেবিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন খাতে তাঁর সম্পৃক্ততা স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফরহাদ হোসেনের এই জয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বেরও একটি শক্তিশালী প্রতিফলন।