• [english_date] , [bangla_date] , [hijri_date]

উত্তরাধিকারী সনদ জালিয়াতি মামলায় ফেঁসে গেলেন সরকারি কর্মকর্তা: ঠাঁই হলো জেলে

bilatbanglanews.com
প্রকাশিত October 20, 2021
উত্তরাধিকারী সনদ জালিয়াতি মামলায় ফেঁসে গেলেন সরকারি কর্মকর্তা: ঠাঁই হলো জেলে

নিজস্ব প্রতিবেদক: উত্তরাধিকারী সনদ জালিয়াতি করে ভূমি আত্মসাত মামলায় সিলেট সদর কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফজলুল হককে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। গত সোমবার (১৭ অক্টোবর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলীগাও গ্রামের সফির উদ্দিনের পুত্র।

সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরি সিআর-২১৩/২০ (দোয়ারা) মামলা সূত্র থেকে জানা গেছে, ওই কর্মকর্তা সৎমাকে নিজের মা বানিয়ে ইউনিয়ন পরিষদ থেকে উত্তরাধিকার সনদপত্র উত্তোলন করে সৎ মায়ের সম্পত্তি নিজ নামে নামজারী করে বিক্রয় করেছেন। এ ব্যাপারে একই গ্রামের আবদুল মতিনের পুত্র মাসুম আহমদ বাদী হয়ে ২০২০ সালের ১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ফজলুল হক ছাড়াও আরও ৬জন আসামি রয়েছেন। মামলাটি তদন্তের জন্য দোয়ারাবাজার থানায় প্রেরণ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে উত্তরাধিকার সনদপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ফজলুল হকের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধি ৪২০/৪০৬/৪৬৮/৪৬৭ তৎসহ ধারায় চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেন।