• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটে মডেল মসজিদে নৃত্যের ভিডিও ভাইরাল: মসজিদের পবিত্রতা কি এখন কনটেন্ট তৈরির মঞ্চ.?

bilatbanglanews.com
প্রকাশিত May 30, 2026
সিলেটে মডেল মসজিদে নৃত্যের ভিডিও ভাইরাল: মসজিদের পবিত্রতা কি এখন কনটেন্ট তৈরির মঞ্চ.?

 

বিবিএন নিউজ ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদে ধারণ করা একটি নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গোয়াইনঘাটি ফুরি নামের একটি টিকটক আইডি থেকে ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

 

যে মসজিদে প্রতিদিন মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, সিজদায় লুটিয়ে পড়েন এবং আল্লাহকে স্মরণ করেন, সেই পবিত্র স্থানেই কীভাবে এমন একটি ভিডিও ধারণ ও প্রকাশ করা হলো এ প্রশ্ন এখন অনেকের মুখে মুখে।

 

মসজিদ কি বিনোদনমূলক কনটেন্ট তৈরির স্থান? মসজিদের পবিত্রতা ও মর্যাদার কথা কি একবারও ভাবা হলো না? সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা কি ধর্মীয় মূল্যবোধের ঊর্ধ্বে চলে যাচ্ছে? পবিত্র স্থানগুলোর প্রতি সম্মানবোধ কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে?

 

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “আর মসজিদসমূহ আল্লাহর জন্য। (সূরা আল-জিন: ১৮)। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদসমূহ। (সহিহ মুসলিম)।

 

তাহলে যে স্থানকে ইসলাম এত মর্যাদা দিয়েছে, সেই স্থানে এমন কর্মকাণ্ড কতটা গ্রহণযোগ্য? মসজিদের পবিত্রতা রক্ষার দায়িত্ব কি শুধু কর্তৃপক্ষের, নাকি আমাদের সবার? ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় আমরা কি ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধকে উপেক্ষা করছি না?

 

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন—আল্লাহর ঘর কি কনটেন্ট তৈরির স্টুডিও? মসজিদের মতো সম্মানিত স্থানে এমন ভিডিও ধারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী বার্তা বহন করবে?

 

ধর্মপ্রাণ মুসলমানরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা মনে করেন, ধর্মীয় স্থানের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট সকলের জন্য হেদায়েত কামনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

 

আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের মর্যাদা, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের তাওফিক দান করুন। আমিন।