• [english_date] , [bangla_date] , [hijri_date]

উইঘুর মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছে চীন,দাবি যুক্তরাষ্ট্রের

bilatbanglanews.com
প্রকাশিত March 31, 2021
উইঘুর মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছে চীন,দাবি যুক্তরাষ্ট্রের

বিবিএন নিউজ ডেস্ক:বৈশ্বিক মানবাধিকারের এক প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন চীনের বিরুদ্ধে গণহত্যার দাবি করেছেন।জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্বিচারে গণহত্যা ও মানবতার চরম লঙ্ঘনের দৃষ্টান্ত স্থাপন করেছে চীন।

প্রতিবেদনে জানানো হয়, ১০ লাখেরও বেশি বেসামরিক ব্যক্তিকে নির্বিচারে বন্দি করেছে দেশটির সরকার। নারীদের বন্ধ্যা, গণধর্ষণ, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম আদায়, ধর্মীয়, বাক ও চলাচলের স্বাধীনতায় কঠোর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। প্রধানত উইঘুর মুসলমান এবং অন্যান্য নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বছরজুড়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করে আসছে চীন।
ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, ‘বিশ্বের প্রতিটি অঞ্চল থেকে পাওয়া এসব তথ্য বলে দিচ্ছে, মানবাধিকার অব্যাহতভাবে ভুল পথে চলে যাচ্ছে। মানবাধিকার রক্ষায় আমাদের কূটনীতির সব উপায় ব্যবহার করা হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার অনুশীলনের উপর দেশভিত্তিক প্রতিবেদন ২০২০ (কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্রাকটিসেস) প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছর মানবাধিকার অনুশীলনের অবস্থা তুলে ধরে দেশভিত্তিক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে থাকে।

এই প্রতিবেদন তৈরিতে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং তৎপরবর্তী মানবাধিকার চুক্তি সমূহে নির্দেশিত পথ অনুসরণ করা হয়, তবে দেশভিত্তিক এই প্রতিবেদনে কোন ধরনের আইনি সিদ্ধান্ত দেয়া হয় না, কিংবা বিশ্বের দেশগুলোর জন্য অবস্থান ভিত্তিক কোন তালিকা তৈরি করা হয় না কিংবা আদর্শমান অর্জনে ব্যর্থ হয়েছে কিনা তা ঘোষণা করা হয় না।