বিবিএন ডেস্ক:
ছাতকে বিগত বন্যায় ভেঙে পড়া জোড়াপানি-মৌলা ব্রিজ পুনর্নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটিরও বেশি টাকা।
আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ছাতক এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আয়াতুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রকৌশল দপ্তরের প্রকৌশলীরা ব্রিজ নির্মাণের প্রাথমিক পর্যায়ের সয়েল টেস্ট সম্পন্ন করেন।
সয়েল টেস্ট কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
এ সময় হাজী সরাফত আলীর সভাপতিত্বে উপস্থিত জনতার উদ্দেশে এমপি মিলন বলেন, দীর্ঘদিনের পুরোনো ব্রিজটি ভেঙে পড়ায় ছাতকের একটি অঞ্চল ও দোয়ারাবাজারের একটি অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি বলেন, নরসিংপুর একটি শাকসবজি উৎপাদনকারী এলাকা। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় এ অঞ্চলের কৃষকরা উৎপাদিত শাকসবজি সহজে বাজারজাত করতে পারছেন না। যাতায়াত ও ব্যবসায়িক ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। দ্রুততম সময়ের মধ্যে মৌলা ব্রিজটি নির্মাণ করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করতে চাই। তিন কোটিরও বেশি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ এর প্রাথমিক পর্যায়ের একটি ধাপ এগিয়ে গেল।
তিনি আরও বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর সাময়িকভাবে যোগাযোগব্যবস্থা সচল রাখতে এলাকার মানুষ অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছেন। কাঠ দিয়ে ব্রিজ নির্মাণ করে দেওয়ায় জনগণ উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন। এ জন্য এ অঞ্চলের দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ ও রাসেল তালুকদার, ছাতক পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার ও আব্দুল কাইয়ুম, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ, বিএনপি নেতা নুর মিয়া মেম্বার, মোস্তাব আলী, আশরব আলী, সফিক মিয়া, ইল্লাছ খান, তুরাব আলী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা ফখর উদ্দিন ও দিলোয়ার হোসেন ইমরান, যুবদল নেতা বদরুল আলম, রমিজ উদ্দিন ও ফেরদৌস আহমেদ প্রমুখ।