ব্রিটেনের ব্র্যাডফোর্ডে নিজ বাড়িতে ছুরিকাঘাতে নারী নিহত, পুত্রবধূর অবস্থা আশঙ্কাজনক

bilatbanglanews.com
প্রকাশিত November 20, 2026
ব্রিটেনের ব্র্যাডফোর্ডে নিজ বাড়িতে ছুরিকাঘাতে নারী নিহত, পুত্রবধূর অবস্থা আশঙ্কাজনক

বিবিএন ডেস্ক:

ব্রিটেনের ব্র্যাডফোর্ডে নিজ বাড়িতে ছুরিকাঘাতে তাহিরা হুসাইন (৪৬) নামে দুই সন্তানের এক মা নিহত হয়েছেন। একই ঘটনায় তার ২০ বছর বয়সী পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে ব্র্যাডফোর্ডের ক্যার বটম রোডের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে তাহিরা হুসাইন নিহত হন। তার পুত্রবধূর মুখেও ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে লিডসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার সন্দেহে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কাউকে তারা খুঁজছেন না।

 

নিহত তাহিরার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার ৭১ বছর বয়সী আত্মীয় আহমেদ হানিয়া বলেন, এ ঘটনা পরিবারের জন্য ভয়াবহ ধাক্কা। তাহিরা সম্প্রতি পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন পর সেখানে থাকা তার দুই ভাইয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার।

 

এদিকে ঘটনার পর বাড়িটির সামনে ফুলের তোড়া রেখে নিহতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে স্থানীয় একটি মসজিদে তাহিরাকে স্মরণে পরিবারের সদস্য ও স্বজনেরা এক স্মরণসভায় অংশ নেন।

 

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার দিকে সশস্ত্র পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। পরে বাড়িটির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাহিরাকে মৃত ঘোষণা করা হয় এবং তার পুত্রবধূকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

20 November 2026

ব্রিটেনের ব্র্যাডফোর্ডে নিজ বাড়িতে ছুরিকাঘাতে নারী নিহত, পুত্রবধূর অবস্থা আশঙ্কাজনক

বিস্তারিত কমেন্টে