রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

bilatbanglanews.com
প্রকাশিত November 20, 2026
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

বিবিএন ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে দেশটিকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এক ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল আদালত।

 

১৫ সদস্যের বিচারক প্যানেল ৯-৬ ভোটে এই সিদ্ধান্তে পৌঁছান। আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণা করেন।

 

আদালত জানান, ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করে। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার প্রমাণ পাওয়া গেছে।

 

বিচারকদের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। আদালত মনে করেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে।

 

আদালতের রায়ে আরও বলা হয়, ২০১৭ সালের সামরিক অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন। পাশাপাশি শত শত গ্রাম ধ্বংস করা হয় এবং ব্যাপকসংখ্যক মানুষকে বাস্তুচ্যুত হতে বাধ্য করা হয়।

 

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। দীর্ঘদিন ধরে এসব শরণার্থী নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

 

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার দাবি করে।

 

মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছিল। দেশটির দাবি ছিল, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত নিরাপত্তামূলক পদক্ষেপ। তবে আদালত মিয়ানমারের এই যুক্তি গ্রহণ করেননি।

 

রায়ে মিয়ানমারকে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ, অপরাধের পুনরাবৃত্তি বন্ধ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের কার্যকর ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

 

আদালত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের বিষয়টিও রায়ের প্রতিকারের অংশ হিসেবে উঠে এসেছে।

 

ক্ষতিপূরণের পরিমাণ ও তা বাস্তবায়নের পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। আদালতের রায় চূড়ান্ত, আইনগতভাবে বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আদালতের নিজস্ব সরাসরি প্রয়োগকারী ব্যবস্থা না থাকায় মিয়ানমার কতটা কার্যকরভাবে নির্দেশনা মেনে চলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও রায়কে স্বাগত জানিয়ে এর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

 

রোহিঙ্গা অধিকারকর্মীরা এই রায়কে দীর্ঘদিনের বঞ্চনা, নির্যাতন ও ন্যায়বিচারের দাবির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তবে এই রায় বাস্তবে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পথ কতটা সুগম করবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

 

সূত্র: বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও জাতিসংঘ।

20 November 2026

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

বিস্তারিত কমেন্টে