বিবিএন ডেস্ক:
ব্রিটেনে ব্যর্থ আশ্রয়প্রার্থীদের দেশ থেকে বহিষ্কারের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আশ্রয়ের আবেদন ও আপিল প্রক্রিয়া শেষ হলে আগাম পাঁচ কার্যদিবসের নোটিশ ছাড়াই আবেদনকারীকে বহিষ্কার করতে পারবে স্বরাষ্ট্র দপ্তর।
বর্তমানে বহিষ্কারের আগে পাঁচ কার্যদিবসের নোটিশ দেওয়া বাধ্যতামূলক। তবে সরকারের দাবি, এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে শেষ মুহূর্তে আপিল করেন, ফলে বহিষ্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়।
নতুন নিয়মে আপিলের সব সুযোগ শেষ হওয়া ব্যক্তিদের আগাম নোটিশ ছাড়াই সর্বোচ্চ ছয় মাসের মধ্যে বহিষ্কারের ক্ষমতা পাবে স্বরাষ্ট্র দপ্তর।
স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ সংসদে বিচারাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে এ পরিবর্তন আনবেন।
তবে সরকারের এ উদ্যোগের সমালোচনা করেছে শরণার্থী পরিষদ। সংস্থাটির মতে, অল্প সময়ের নোটিশে বহিষ্কার করা হলে আশ্রয়প্রার্থীদের মধ্যে অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হবে।
শরণার্থী দাতব্য সংস্থার পরিচালক ইমরান হুসেন বলেছেন, জোরপূর্বক বহিষ্কারের চেয়ে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দেওয়া বেশি কার্যকর এবং এতে করদাতাদের অর্থও সাশ্রয় হবে।
সরকার অবশ্য এ নীতির পক্ষে ডেনমার্কের উদাহরণ তুলে ধরেছে। দেশটিতে একই ধরনের নীতি চালুর পর পাঁচ বছরে বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা অর্ধেকের বেশি কমে এক হাজারের নিচে নেমে আসে বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুনে যুক্তরাজ্যে ৪০ হাজার ১৬৮ জন আশ্রয়প্রার্থী প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। এ ছাড়া আরও ৯০ হাজার ৩৪১ জন আদালতে আপিলের ফলাফলের অপেক্ষায় ছিলেন।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত আশ্রয়ের আবেদনের ৩৮ শতাংশ ক্ষেত্রে আবেদনকারীদের শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে।
এদিকে, যুক্তরাজ্যে আশ্রয়ের মোট আবেদনের ৪০ শতাংশ আসে ছোট নৌকায় করে আসা ব্যক্তিদের কাছ থেকে। বাকি ৬০ শতাংশ আবেদনকারী অন্য অবৈধ পথে অথবা বৈধভাবে দেশে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন।
সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী আনা টার্লি বলেছেন, যাদের আপিলের অধিকার শেষ হয়েছে, তাদের বহিষ্কার প্রক্রিয়ায় যেন আর বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের দাবি, নতুন আইন অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার পাশাপাশি বহিষ্কার প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করবে।