• [english_date] , [bangla_date] , [hijri_date]

জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলতে আজারবাইজান যাত্রা

bilatbanglanews.com
প্রকাশিত October 21, 2026
জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলতে আজারবাইজান যাত্রা

জগন্নাথপুর প্রতিনিধি:

বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’-এ অংশ নিতে আজারবাইজান গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে জাতীয় ফুটবল দলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজারবাইজানের উদ্দেশে যাত্রা করেন তিনি।

 

রাজু জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকার গোলাম রব্বানী ভূঁইয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে সবার ছোট। আক্রমণভাগের এই খেলোয়াড় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

জাতীয় দলের হয়ে বিদেশের মাটিতে খেলতে যাওয়ার অনুভূতি জানিয়ে রাজু আহমদ ভূঁইয়া জগন্নাথপুর ছাতক প্রতিদিনকে বলেন, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। সেই স্বপ্ন পূরণে আজ দেশের হয়ে বিদেশে খেলতে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি।”

 

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দনূর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে যখন সপ্তম শ্রেণিতে পড়ে, তখন আমি তার খেলা দেখি। এরপর থেকেই লেখাপড়ার পাশাপাশি তাকে খেলাধুলা চালিয়ে যেতে উৎসাহ ও সহযোগিতা করি। তার আজকের এই অর্জনে আমরা গর্বিত। দোয়া করি, সে যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে।”

 

জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান বলেন, শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে রাজুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হাওরপারের সন্তান হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে খেলতে যাওয়া সুনামগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তিনি রাজুর সার্বিক সাফল্য কামনা করেন।

 

রাজুর এই আন্তর্জাতিক যাত্রায় আনন্দিত তার পরিবার, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষ। তাদের প্রত্যাশা, নিজের প্রতিভা ও নৈপুণ্যে দেশের সুনাম বয়ে আনবে হাওরপারের এই তরুণ ফুটবলার।