• [english_date] , [bangla_date] , [hijri_date]

বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষ, জগন্নাথপুরে যুবক নিহত; আহত ২

bilatbanglanews.com
প্রকাশিত October 17, 2026
বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষ, জগন্নাথপুরে যুবক নিহত; আহত ২

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর গ্রামে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও বোনের জামাই আহত হয়েছেন।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, লুদুরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনের পরিবারের একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে চাচাতো ভাই মাসুম মিয়াসহ কয়েকজনকে পরিবারের নারী সদস্যদের মাধ্যমে দাওয়াত দেওয়া নিয়ে দুই পক্ষের নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

 

একপর্যায়ে বাড়ির পাশে নাজিম উদ্দিনকে একা পেয়ে মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে নাজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

 

গুরুতর আহত নাজিম উদ্দিনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের বোনের জামাই মুনসুর মিয়া অভিযোগ করে বলেন, সকালে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মাসুম মিয়া নাজিমের ওপর হামলা করেন। এ সময় মুনজু মিয়া, মুকিত মিয়া, সুবল মিয়া ও হোসাইন মিয়াসহ আরও কয়েকজন হামলায় অংশ নেন বলে তিনি দাবি করেন। এ সময় তাঁকেও রামদা দিয়ে আঘাত করে আহত করা হয় বলে জানান তিনি।

 

মুনসুর মিয়া বলেন, “নাজিম ভাইয়ের ছোট ছোট সন্তান রয়েছে। এখন তাদের কী হবে? আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

 

এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের বক্তব্য জানতে তাঁদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

জগন্নাথপুর থানার এসআই ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তিনি বলেন, “আমরা এখনো ঘটনাস্থলে আছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।”

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।