সুনামগঞ্জ প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ লক্ষ্যে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ২২টি এবং ব্যাটালিয়ন সদরের ০৩ কিলোমিটারের মধ্যে ২০টি—সর্বমোট ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে মোট ৮ (আট) প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির এই প্লাটুনসমূহ ১৬ অক্টোবর হতে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিশেষ নজরদারি ও সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়া, সীমান্তে দুর্গম এলাকার সার্বিক নিরাপত্তা তদারকির সুবিধার্থে ১টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে।
বিজিবি সর্বদা সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। নিয়মিত সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
স্থানীয় প্রশাসন, পূজামণ্ডপ কমিটি ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সর্বদা বদ্ধপরিকর। জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির।