বিবিএন ডেস্ক:
সিলেট নগরের কানিশাইল এলাকায় অনলাইন জুয়াবিরোধী অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৬০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কানিশাইল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় কয়েকজন ছোটাছুটি শুরু করেন। এ সময় জজ মিয়া নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত মৌলু মিয়ার ছেলে। তিনি নগরের শামিমাবাদ এলাকায় বসবাস করতেন। স্থানীয়দের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. মাইনুল জাকির জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।