সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া লাশ গুমের চেষ্টার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। রায়ের আদেশ অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে বলে আদেশে উল্লেখ করা হয়।অনুমোদন না পাওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না বলেও রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।
তাঁকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।রায়ের নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপের বাবার নাম যাদব চন্দ্র গোপ এবং মায়ের নাম অনিতা রানি গোপ। তাঁর স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি মার্কেটে অবস্থান করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে হত্যা ও অপরাধের আলামত গোপনের অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাঁর বিরুদ্ধে এ রায় দেন। রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম।