বিবিএন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে রুমি লাবণ্যর প্রকাশিত বিভিন্ন পোস্ট, ভিডিও ও লাইভে আপত্তিকর বক্তব্যের অভিযোগে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে প্রতিবাদ সভার আহ্বান করা হয়েছে।
বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে আগামীকাল দুপুর ২টায় গোবিন্দগঞ্জের স্থানীয়ভাবে ‘সাদা ব্রিজের (পুলের) মুখে’ পরিচিত স্থানে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের অভিযোগ, রুমি লাবণ্যর বিভিন্ন ভিডিও, পোস্ট ও লাইভে ব্যবহৃত ভাষা ও উপস্থাপনা বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ, ছাতক ও গোবিন্দগঞ্জ এলাকার মানুষের সম্মানহানি করছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে দাবি তাঁদের।
আয়োজকরা জানান, এলাকার মানুষের সম্মান ও সামাজিক মূল্যবোধ রক্ষার দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এতে বৃহত্তর গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ ও ছাতকবাসীর সহযোগিতাও কামনা করেছেন তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে রুমি লাবণ্যর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।