বিবিএন ডেস্ক:
যুক্তরাজ্যের লেস্টারশায়ারের থার্নবি এলাকায় একটি বাড়িতে ঢুকে একই পরিবারের তিন সদস্যের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ১৫ বছর বয়সী এক কিশোর ও তাঁর বাবা গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। হামলায় আহত হয়েছেন কিশোরটির মাও।
পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল রাত পেরিয়ে ভোররাত সাড়ে ১২টার দিকে মুখোশধারী দুই ব্যক্তি বাড়িটিতে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। খবর পেয়ে সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে ব্যবস্থা নেয়।
হামলায় কিশোরটির ৫০-এর কোঠায় বয়সী বাবা ও ১৫ বছর বয়সী ছেলে গুরুতর আহত হন। তাঁদের জীবন রক্ষায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় কিশোরটির ৪০-এর কোঠায় বয়সী মাও আহত হয়েছেন। তাঁর হাত ও কাঁধে আঘাত লেগেছে। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
পুলিশ হামলাটিকে সম্পূর্ণ উসকানিবিহীন বলে বর্ণনা করেছে। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।
সূত্র: ডেইলি মেইল