বিবিএন ডেস্ক:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ইয়াফিন নেশাগ্রস্ত ছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াফিন প্রায়ই নেশা করতেন। নেশার টাকা নিয়ে প্রায়ই বাবা সাহাব উদ্দিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হতো। মঙ্গলবারও নেশাগ্রস্ত অবস্থায় বাবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে উত্তেজিত হয়ে বটি দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন ইয়াফিন। পরে ঘটনাস্থলেই সাহাব উদ্দিনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। নেশার টাকার জন্যই তিনি বাবাকে হত্যা করে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।