জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইনে দায়ের করা মামলায় ভাই-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)।
পুলিশের দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে কম খরচে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচার করে আসছিলেন। প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তাদের ফাঁদে পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, আসামি সুভি বেগমের স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করেন। ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।