সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জে “আমারে দেবো না ভুলিতে” শীর্ষক এক আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন সুনামগঞ্জের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী (পাবেল) এর সভাপতিত্বে এবং শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক, (বাংলা বিভাগ) জাকির হোসেন, সাবেক্ অধ্যক্ষ, শেরগুল আহমেদ, কবি ও লেখক সুখেন্দুসেন, স্পেশালপিপি এডভোকেট, আনিসুজ্জামান শামীম,, ছ প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ছানা গোপাল সরকার।
আলোচকরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, এবং সাম্য ও মানবতার দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অসাম্য ও শোষণের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সঙ্গীত আজও বাঙালি জাতিকে যেকোনো সংকটে অন্যায়-অবিচারের বিরুদ্ধে অনুপ্রেরণা জোগায়। কবির ৫০তম প্রয়াণ দিবসে তাঁর চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় কবির রচিত কবিতা আবৃত্তি ও কালজয়ী নজরুল সঙ্গীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বিশেষ আবহের সৃষ্টি করে। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।