বিবিএন নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জের ধরে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া-নারাইনপুর চালবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—শাহারপাড়া-নারাইনপুর এলাকার আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।
আহতদের পরিবারের সদস্যদের দাবি, পূর্ববিরোধের জের ধরে শুক্রবার দুপুরে আবুল হেকিম ও মিফতা বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে স্থানীয় মসজিদের দিকে যাচ্ছিলেন। তারা শাহারপাড়া-নারাইনপুর চালবন্দ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
পরিবারের অভিযোগ, তমজিদ উল্যার ছেলে আব্দুল আহাদ, আব্দুল আহাদের ছেলে সিমু আহমদ ও ইমন আহমদ, সিরাজ কামালীর ছেলে রাসেল কামালী এবং জোবায়েল কামালীর নেতৃত্বে এ গুলিবর্ষণ করা হয়। এতে আবুল হেকিম ও মিফতা গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত দু’জনকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং গুলিবর্ষণের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।