ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন রনির ওপর হামলার ঘটনায় স্থানীয় ভাবে আয়োজিত শালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও ভূমি অফিসের সামনে এবৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, মখলিছুর রহমান, উপজেলা বিএনপি নেতা আশরাফুর রহমান এনাম, বিএনপি নেতা আমিন উদ্দিন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আলী রাসেল, উপজেলা বিএনপি নেতা এমাদ উদ্দিন এমাদ, যুবদল নেতা আব্দুস সাত্তার ও মনির উদ্দিন, কৃষকদল নেতা সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী শিমুল আহমদ আবু, আবুল কালাম, ইউপি সদস্য সাদ উদ্দিন, সাজল মেম্বার, সোনাফর আলী, নুর আলী, সারব আলী, আব্দুস ছোবহান, লিলু মিয়া, সাইফ উদ্দিন, নাসির উদ্দিন ও আলীম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শালিশে বক্তারা সাংবাদিক আনোয়ার হোসেন রনির ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, মতপার্থক্য বা কোনো বিষয়ে ভুল-বোঝাবুঝি হলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা উচিত। কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে হামলা, ভয়ভীতি বা বাধার শিকার হওয়া কোনোভাবেই কাম্য নয়।
পরে হামলার ঘটনায় অভিযুক্তরা সাংবাদিক আনোয়ার হোসেন রনির কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।