সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় দাওয়াতুল হক্ব ইসলামী যুব সংঘ ও বুড়িস্থল এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্থানীয় আলফাত স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রদ্যোত রঞ্জন দাশের সভাপতিত্বে এবং মো. আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সহকারী শিক্ষক নাঈমাহ সুলতানা, মো. শামসুদ্দিনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জুলাই হাসননগর এলাকার বাসিন্দা সাইফুল হক নামে এক ব্যক্তি বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিশুকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের কারণে এলাকায় সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে বুড়িস্থল গ্রামের সামাজিক নিরাপত্তা জোরদার, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এর অনুলিপি পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোতেও দেওয়া হয়েছে। স্মারকলিপির সঙ্গে এলাকাবাসীর গণস্বাক্ষর সংবলিত একটি তালিকাও সংযুক্ত করা হয়।
বক্তারা বলেন, দ্রুত বিচার সম্পন্ন করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।