• [english_date] , [bangla_date] , [hijri_date]

যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের অভিযান: ৪ জনের কারাদণ্ড, ড্রেজার ও বারকি নৌকা জব্দ

bilatbanglanews.com
প্রকাশিত June 19, 2026
যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের  অভিযান: ৪ জনের কারাদণ্ড, ড্রেজার ও বারকি নৌকা জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ বাস্তবায়নে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার এই অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে বালু উত্তোলনের ড্রেজারসহ বারকি নৌকা।

​সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক এই বিশেষ অভিযান পরিচালনা করেন তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

​প্রশাসন সূত্র জানায়, অভিযান চলাকালীন যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে একটি ড্রেজারসহ বারকি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তাহিরপুর থানা পুলিশের জিম্মায় প্রদান করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে হাতেনাতে আটক ১ ব্যক্তিকে ১৮০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

​এছাড়া উপজেলার জামালেরচর এলাকায় অবৈধভাবে বালু লোড করার সময় আরও ৩ জন অভিযুক্তকে আটক করা হয়। আইন অমান্য করায় মোবাইল কোর্টের বিচারক তাদের প্রত্যেককে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​অভিযান চলাকালীন শুধু আটকের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নদীর তীরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক তৎপরতা চালানো হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যাদুকাটা নদীর তীরবর্তী ঘাগটিয়া, ঢালারপার, জামালেরচর, বিজিবি ক্যাম্প এবং পর্যটন এলাকা শিমুল বাগানসহ আশেপাশের সকল স্পর্শকাতর এলাকায় ব্যাপক টহল জোরদার করা হয়।

​অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় যাদুকাটা নদীসহ উপজেলার যেকোনো স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, তাহিরপুরের এ ধরণের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক জানান এই অভিযান অব্যাহত থাকবে।