সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১০ শয্যার হাম ডেডিকেটেড আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় দেশের ১০টি জেলা হাসপাতালে একযোগে নতুন আইসিইউ কার্যক্রম ভার্চুয়াল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এমপি। নারায়ণগঞ্জ থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করেন সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মোহাম্মদ নূরে আলম শামীম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. আবুল কালাম এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একযোগে উদ্বোধন হওয়া হাসপাতালগুলো হলো- সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।