সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস বৃহৎ হাওরের বুক থেকে সরিয়ে জেলা সদরে স্থানান্তর এবং বর্তমান উপাচার্যের (ভিসি) দ্রুত অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ। জেলাবাসীর পক্ষ থেকে অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ‘সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়ন কমিটি’র ব্যানারে সর্বস্তরের নেতৃবৃন্দ সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন।
প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে দেখার হাওরের স্বাভাবিক রূপ নষ্ট না করে, সুনামগঞ্জ জেলা সদরের নিকটবর্তী লক্ষণশ্রী ইউনিয়নের যোগীরগাঁও মৌজার তুলনামূলক নিরাপদ ও উচু ভূমিতে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এই স্থানটি জেলার সবকটি উপজেলার শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার জন্যও সবচেয়ে সুবিধাজনক বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।
স্মারকলিপিতে বর্তমান উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক অদক্ষতা ও দুর্নীতির দীর্ঘ খতিয়ান তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ জনবল (প্রায় ৮০%) সুনামগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের বাহির থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি স্থানীয় বেশিরভাগ যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ কার্ড পর্যন্ত দেওয়া হয়নি। নিয়োগের অন্যতম প্রধান শর্ত ‘উপাচার্য সার্বক্ষণিক সুনামগঞ্জে থাকবেন’ হলেও তিনি সপ্তাহে মাত্র ১-২ দিন ক্যাম্পাসে আসেন এবং বিকেলে আবার সিলেটে ফিরে যান। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ স্থবির হয়ে পড়েছে। জেলার ৫ জন মাননীয় সংসদ সদস্যের যৌথ সিদ্ধান্ত ও সুপারিশকে তোয়াক্কা না করে উপাচার্য তাঁর ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থে একক ক্ষমতাবলে শান্তিগঞ্জে ক্যাম্পাস স্থাপনের জন্য একনেকে ফাইল পাঠিয়েছেন। সিন্ডিকেট গঠনেও জেলার কোনো শিক্ষাবিদ বা জনপ্রতিনিধিকে রাখা হয়নি।
আন্দোলন কমিটির নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত প্রায় দুই বছর ধরে এই দাবিতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চলে আসছে। কিন্তু কতৃপক্ষের উদাসীনতায় সাধারণ শিক্ষার্থীরা এখন রাজপথে নামতে বাধ্য হয়েছে। দেশের চলমান প্রেক্ষাপটে এই বিতর্কিত উপাচার্যকে দ্রুত অপসারণ করে একজন দক্ষ, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দেওয়া না হলে সুনামগঞ্জে আরও তীব্র গণ-আন্দোলন গড়ে তোলা হবে।
স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন,
যুগ্ম আহ্বায়ক, সুবিপ্রবি ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন ও সাবেক সভাপতি, জেলা জাসদ অ্যাডভোকেট রবিউল লেইস রোকেশ, সদস্য সচিব, আন্দোলন কমিটি ও সদস্য, জেলা বিএনপি মুনাজ্জির সুজন, সাবেক সিভিল সার্জন ডা. মনোওয়ার আলী, সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি অ্যাডভোকেট মাসুক আলম, বিশিষ্ট শিক্ষাবিদ যোগেশ্বর দাস, সাবেক সভাপতি, জেলা কমিউনিস্ট পার্টি অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, সভাপতি, জেলা কমিউনিস্ট পার্টি অ্যাডভোকেট এনাম আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, পরিবেশবাদী কর্মী নেছের আলম এবং সুপ্রিম কোর্ট ও জেলা বারের আইনজীবী নেতৃবৃন্দের মধ্যে অ্যাডভোকেট হানিফ সুলেমান, অ্যাডভোকেট রমজান আলী, অ্যাডভোকেট আহাদ চৌধুরী জুয়েল, অ্যাডভোকেট কামাল, অ্যাডভোকেট ফয়সল আহমেদ সহ সুনামগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল এবং যুগ্ম সম্পাদক মামুনুর রহমান শান্তসহ বিভিন্ন ছাত্র সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।