বিবিএন ডেস্ক:
লন্ডন ৮ মে: টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র হিসেবে আবারও নির্বাচিত হলেন লুৎফুর রহমান। চতুর্থ বারের মতো নির্বাচিত হয়ে ইতিহাস তৈরী করলেন তিনি। তিনি লন্ডনের ৫ জন নির্বাচিত মেয়রের একজন।তার ভোটের সংখ্যা ৩৫হাজার ৬৭৯। নিককতম প্রতিবন্ধী লেবার প্রার্থী পেয়েছেন ভোট ১৯৪৫৪।
৩য় গ্রিন পেয়েছে ১৯২২৩।
লুৎফুর রহমান ২০১০ সালে যুক্তরাজ্যে প্রথম মুসলিম ও সংখ্যালঘু হিসেবে নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। এরপর ২০১৪, ২০২২ এবং আজকের নির্বাচনে জয়ী হয়ে তিনি চতুর্থবারের মতো এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হলেন।
লুৎফুর রহমানের নির্বাচনী ইশতেহারে রয়েছে কম আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ট্রেভেল পাস চালুর পরিকল্পনা, যা বাস্তবায়িত হলে টাওয়ার হ্যামলেটস হবে দেশের প্রথম কাউন্সিল যারা এমন উদ্যোগ নেবে। এর আগে তার প্রশাসন দেশের প্রথম কাউন্সিল হিসেবে সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর জন্য সার্বজনীন ফ্রি স্কুল মিল চালু করে এবং EMA (Education Maintenance Allowance) পুনরায় চালু করে ইতিহাস গড়েছিল।
প্রস্তাব অনুযায়ী, কাউন্সিল শিক্ষার্থীদের জন্য Transport for London (TfL)-এর নেটওয়ার্কে ব্যবহারের উপযোগী ট্রাভেল পাসের অর্থায়ন করবে। বর্তমানে লন্ডনে শুধু ১৬ বছর বয়স পর্যন্ত বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ রয়েছে। নতুন পরিকল্পনার আওতায় নির্ধারিত আয়সীমার নিচে থাকা পরিবারের সব শিক্ষার্থী এই সুবিধা পাবে। আয়সীমা ও পাসের মেয়াদ TfL-এর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন: “আমাকে পুনর্নির্বাচিত করার জন্য টাওয়ার হ্যামলেটসের জনগণকে ধন্যবাদ। আমরা জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় যুগান্তকারী সহায়তা এবং সাশ্রয়ী ও সামাজিক আবাসন নির্মাণের রূপান্তরমূলক কর্মসূচি অব্যাহত রাখবো।
“আশা ও ঐক্যের রাজনীতিকে ভয় ও বিভেদের রাজনীতির ওপর প্রাধান্য দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।“
“টাওয়ার হ্যামলেটসে আমরা গর্ব করি যে এটি যুক্তরাজ্যের সবচেয়ে বৈচিত্র্যময় এবং একই সঙ্গে সবচেয়ে ঐক্যবদ্ধ এলাকাগুলোর একটি।’
“আমরাই দেশের প্রথম কাউন্সিল যারা সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর জন্য সার্বজনীন ফ্রি স্কুল মিল চালু করেছি, এবং জাতীয় সরকারের কাটছাঁটের সিদ্ধান্ত উল্টে দিয়েছি — বাতিল করা Education Maintenance Allowance পুনর্বহাল থেকে শুরু করে সরকারের কাটা Winter Fuel Payment ফিরিয়ে আনা পর্যন্ত।’
“আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমি আশা করি আজ নির্বাচিত নতুন প্রগতিশীল প্রশাসনগুলো আমাদের পথ অনুসরণ করবে, একই ধরনের রূপান্তরমূলক নীতি গ্রহণ করবে এবং আমাদের কমিউনিটির জন্য বাস্তব পরিবর্তন আনতে একসঙ্গে কাজ করবে।”