• ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

দোয়ারায় নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু: স্বামী আটক

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৮, ২০২২
দোয়ারায় নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু: স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীসহ পরিবারের লোকজনের নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে চিকিৎসাধিন অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর তার স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৭ বছর আগে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা এলাকার পুর্কারগাঁও গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র সুলতান মিয়ার সাথে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামের মৃত আছদ্দর আলীর কন্যা সাজনা বেগম (৪২)’র বিয়ে হয়। তাদের রয়েছে তিন সন্তান। বিয়ের পর থেকে সাজনাকে নির্যাতন করে আসছিল স্বামীসহ তার পরিবার। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। তার পরও স্বামীর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করে আসছিলেন ওই গৃহবধূ।
সর্বশেষ গত বুধবার রাতে পিতার বাড়ি থেকে টাকা এনে দিতে গৃহবধূকে চাঁপ দেয় তার স্বামী। এক পর্যায় অপারগতা প্রকাশ করলে তার উপর চালানো হয় নির্যাতন। এতে মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হন ওই গৃহবধূ। ওইদিন তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রোববার ভোর সকালে অপারেশন শেষে উইমেন্স মেডিক্যালের আইসিইউ রেফার্ড করা হলে বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ।

এদিকে, স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বামী সুলতান মিয়া হাসপাতাল থেকে পালানোর সময় নিহতের স্বজনরা তাকে আটক করে সিলেট কতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের ভাই আছলম আলী জানিয়েছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, এমন ঘটনা শুনে থানা থেকে উপ-পরিদর্শক মিজানুর রহমানকে হাসপাতালে পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।