• ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

ফ্রান্স থেকে যুবকের লাশ এলো দেশে: দাফন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২২
ফ্রান্স থেকে যুবকের লাশ এলো দেশে: দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:: ইউরোপের ফ্রান্সে কাজ করা অবস্থায় চারতলা একটি ভবনে থেকে নিচে ছিঁটকে পড়ে মারা যায় জাফর আহমদ (৩৫) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছিল গত ৯ আগষ্ট। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের মাছিম আলীর পুত্র। ঘটনার ১৭দিন পর শুক্রবার (২৬ আগষ্ট) সকালে দেশে লাশ পৌঁছে। লাশটি বাড়িতে পৌঁছলে সেখানে এক হৃদয় বিদারকের দৃশ্য ঘটে। শোকে কাতর তার পরিবার। ওইদিন বাদ আছর জানাযার নামাজ শেষে লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানা যায়, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে উন্নত জীবন-যাপনের জন্য প্রথমে মধ্যপ্রাচ্যের ওমানে পাড়ি জমান জাফর আহমদ। সেখানে কিছুদিন অবস্থানের পর স্বপ্নের ইউরোপ যাওয়ার জন্য তুর্কি ও গ্রীস হয়ে গন্তব্যস্থান ফ্রান্সে পৌঁছায়। সেখানে নাগরিকত্ব পাওয়ার আবেদনও করেছিলেন। কিন্তু গত ৯ আগষ্ট জাফর আহমদ ফ্রান্সের একটি চারতলা ভবনে কাজ করার সময় ছাদ থেকে ছিঁটকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়।