সুনামগঞ্জ প্রতিনিধি:
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর .) সুনামগঞ্জ জেলায় বার্ষিক পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ।
সুনামগঞ্জে আগমনকালে ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল মাননীয় ডিআইজি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে ডিআইজি পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে একটি আমলকি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও উৎসাহিত করার আহ্বান জানান।
বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি জেলা ডিএসবি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ডিএসবি শাখার গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ডিএসবি শাখার বার্ষিক পরিদর্শন শেষে দুপুর ২টায় পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। ডিআইজি সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় ডিআইজি পুলিশ লাইন্সেও একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।
বিশেষ কল্যাণ সভা শেষে ডিআইজি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জের বার্ষিক পরিদর্শন করেন। এ সময় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জের পুলিশ সুপার ইলতুৎ মিশ ডিআইজি কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণের মানোন্নয়ন, পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিংয়ের উপযোগী প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সেবামূলক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় আরও উন্নত, দ্রুত, স্বচ্ছ ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।