ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “যেকোনো মূল্যে ছাতক থেকে মাদক বিক্রি ও ব্যবহার নির্মূল করতে হবে।”
তিনি বলেন, মাদকের কারণে সমাজে অন্যায়-অত্যাচার বৃদ্ধি পায় এবং তরুণ সমাজ বিপথগামী হয়। তাই মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকায় সব ধরনের জুয়া বন্ধের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এমপি মিলন নৌপথ ও সড়কপথে পুলিশের টহল আরও জোরদারের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, নৌ-পুলিশের ইনচার্জ অরবিন্দু সরকার, ছাতক বিওপির কমান্ডার মুজিবুর রহমান, জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোতালেবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।