বিবিএন নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জের সেচনী ও ডাবর এলাকার মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে।
নিহত উজ্জ্বল জামালগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি জামালগঞ্জ ব্লাড ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে তিনি পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের দিকে যাওয়ার পথে সেচনী ও ডাবর এলাকার মধ্যবর্তী স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে জামালগঞ্জসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে সহকর্মী, স্বজন, বন্ধু ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
তবে দুর্ঘটনার সঠিক কারণ, বাসটির পরিচয় ও চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।