সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদের নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। তিনি বলেন, আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ। ৮ তারিখে ( ৮ আগস্ট) বিএনপির নামে যারা সমাবেশ করতে চাচ্ছে, তারা বিএনপিতে বিভক্তি সৃষ্টি করতে চায়। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে এমপি নাছির চৌধুরী বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। দুর্নীতির সুযোগ না পেয়ে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাকে বলা হচ্ছে, আমি নাকি লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছি। যারা এমন অভিযোগ করেন, তারা ইউএনওর কাছে গিয়ে বাজেটের তথ্য জেনে আসুন। আমি যতদিন বেঁচে আছি, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় থানা পয়েন্টে অনুষ্ঠিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাছির চৌধুরী। উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, বিএনপি নেতা কবির মিয়া, গোলাপ মিয়া, জালাল মিয়া, নুরুল হক তালুকদার, মুজিবুর রহমান তালুকদার, আবু সাঈদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।