• [english_date] , [bangla_date] , [hijri_date]

তাহিরপুরে তিন দিনের নৌ পরিবহন ধর্মঘট প্রত্যাহার

bilatbanglanews.com
প্রকাশিত July 31, 2026
তাহিরপুরে তিন দিনের নৌ পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই, যাদুকাটা, সুরমাসহ বিভিন্ন নদীপথে টোল আদায়কে কেন্দ্র করে টানা তিন দিন ধরে চলা নৌযান পরিবহন ধর্মঘট উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের মধ্যস্থতায় অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে ইজারাদার, নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা শেষে টোল আদায়সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, “গতকাল থেকেই এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি টোল ঘাটে টোলের হার উল্লেখ করে বিলবোর্ড টানাতে হবে এবং রশিদের মাধ্যমে টোল আদায় নিশ্চিত করতে হবে। প্রতি ঘনফুট বালুর জন্য ৩০ পয়সা এবং বিআইডব্লিউটিএর নির্ধারিত হারে প্রতি টনে ৪৫ টাকা টোল আদায় করা হবে। এছাড়া পাটলাই নদীর শ্রীপুর ও ডাম্প বাজার ঘাটে ১০০ টন ধারণক্ষমতার নৌযানের জন্য ৫০০ টাকা, ২০০ টন ধারণক্ষমতার নৌযানের জন্য ১ হাজার টাকা এবং ২০০ টনের বেশি ধারণক্ষমতার নৌযানের জন্য ২ হাজার টাকা টোল নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত হারের বাইরে কোনো অতিরিক্ত টোল আদায় করা যাবে না।

কাসার স্টোন মালিক সমিতির সভাপতি কামাল হোসেন বলেন, “এর আগে কখনো এভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়নি। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করতে সক্ষম হয়েছি।

তিনি জানান, সমঝোতা অনুযায়ী যাদুকাটা নদীতে পাথরের জন্য টোল ৮০ পয়সা এবং বালুর জন্য ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। খাস কালেকশনের বালুর ক্ষেত্রেও ৩০ পয়সা আদায় করা হবে। বিআইডব্লিউটিএর নির্ধারিত হারে পাথরের জন্য ১ টাকা ৭০ পয়সা এবং বালুর জন্য ৫০ পয়সা আদায় করা হবে। এছাড়া পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর টোল প্রতি টনে ৪৫ টাকা, কুটঘাটে ১০০ টন ধারণক্ষমতার নৌযানের জন্য ৫০০ টাকা, ২০০ টনের জন্য ১ হাজার টাকা এবং ২০০ টনের বেশি ধারণক্ষমতার নৌযানের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, টোল পরিশোধের সময় অবশ্যই রশিদ গ্রহণ করবেন এবং নির্ধারিত হারের অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করবেন না। আজ থেকে আমাদের ঘোষিত অনির্দিষ্টকালের নৌযান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো।

 

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, আজকের আলোচনায় টোল আদায় বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তা শতভাগ কার্যকর করতে প্রতিটি টোলঘাটে অন্তত এক সপ্তাহ একজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করা প্রয়োজন। আমরা বিষয়টি থানার ওসি মহোদয়কে জানিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত হলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না বলে আমরা আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, বিএনপি নেতা রাখাব উদ্দিন, শাখাওয়াত হোসেন,নৌযান মালিক-শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী, ইজারাদার পক্ষের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা।

ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর উপজেলার বিভিন্ন নদীপথে নৌযান চলাচল ও পণ্য পরিবহন স্বাভাবিক হয়েছে।