সুনামগঞ্জ প্রতিনিধি:
শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি।
শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
তিনি আরও বলেন, গুণীজনদের মূল্যায়ন নতুন প্রজন্মকে দেশ, সমাজ ও সংস্কৃতির প্রতি আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। জেলা শিল্পকলা একাডেমির এ ধরনের উদ্যোগ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমদ, সদস্য সচিব মোনাজির হোসেন সুজন ও সাংবাদিক খলিল রহমানসহ প্রমুখ৷
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সাংস্কৃতিক সংগঠক শাহ নূরজালাল, আবৃত্তিশিল্পী রুনা শাহীন আরা লেইছ, কণ্ঠশিল্পী মো. যোবায়ের বখত ও লোকসংগীত শিল্পী হীরা মোহন তালুকদার।
জেলা শিল্পকলা একাডেমি জানায়, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর জেলার পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন সাংবাদিক উজ্জ্বল মেহেদী। এছাড়া সাংস্কৃতিক সংগঠক হিসেবে শাহ নূরজালাল, আবৃত্তিশিল্পে রুনা শাহীন আরা লেইছ, কণ্ঠসংগীতে মো. যোবায়ের বখত এবং লোকসংগীতে হীরা মোহন তালুকদারকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।