• [english_date] , [bangla_date] , [hijri_date]

মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির শিখন আড্ডা

bilatbanglanews.com
প্রকাশিত May 18, 2026
মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির শিখন আড্ডা

সুনামগঞ্জ প্রতিনিধি:

মাল্টিমিডিয়া সাংবাদিকতা নিয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বিলেতের মেধাবী সাংবাদিক আ স ম মাসুমকে নিয়ে শিখন আড্ডার আয়োজন করা হয়েছে। সোমবার রাত ৮টায় সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রিপোটার্স ইউনিটির সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন মাল্টিমিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আ স ম মাসুম মোবাইল সাংবাদিকতা, সোর্সের নিরাপত্তা, নীতি নৈতিকতাসহ প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রানার টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ স ম মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র, কালবেলার প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটির সদস্য এ কে কুদরত পাশা, বাসসের জেলা প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটি সদস্য আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সস্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদস্য ও বৈশাখি টিভির প্রতিনিধি কর্ণবাবু দাস, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি ও সদস্য আল আমিন, ইউনিটির সদস্য ও বাংলা টিভির প্রতিনিধি ফোয়াদ মনি প্রমুখ।

আলোচক আ স ম মাসুম বলেন, সাংবাদিকতার সংজ্ঞা বদলে গেছে। এখন প্রযুক্তিই সাংবাদিকতা নিয়ন্ত্রণ করছে। তবে নীতি নৈতিকতা মেনে, সোর্সের সুরক্ষা দিয়ে যথাসমযে সঠিক কাজটিই করতে হবে। স্ক্রল বা ভাইরালের পিছনে না ছুটে কমিউনিটি নিউজের দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বর্তমান সময়ের সাংবাদিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব, ভিডিও স্টোরিটেলিং, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ের রিপোর্টিংয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা মুক্ত আলোচনায় বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে মাসুম আমাদের প্রেরণা হতে পারে। এ ধরনের আয়োজন তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।