সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের মাদক সম্রাট আনোয়ার হোসেন (৩৩) কে ৫৯ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাউড়েরগড় গ্রামে তার বসত বাড়ি থেকে অভিযান চালিয়ে মাদক সম্রাট আনোয়ারকে গ্রেপ্তার করে র্যাব। সে উপজেলার লাউড়েরগড় গ্রামের কাঠ ব্যবসায়ী মো. হারুন মিয়ার ছেলে।
র্যাব জানায়, র্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩, এর একটি আভিযানিক দল তাহিরপুর থানা এলাকায় অবস্থানকালে জানতে পারে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকার একটি টিনশেড বসতবাড়ির ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে ১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। আটককৃত মো. আনোয়ার জিজ্ঞাসাবাদে জানায়, তার হেফাজতে মাদকদ্রব্য বিদেশী মদ রয়েছে।
পরবর্তীতে তার দেখানো মতে বসতঘরের ভেতর থেকে ১টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ৫৯ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।