• ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে তালাবদ্ধ স্কুলে ভিডিও সাংবাদিককে হুমকি

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২১
দোয়ারাবাজারে তালাবদ্ধ স্কুলে ভিডিও সাংবাদিককে হুমকি

বিবিএন ডেস্ক: দোয়ারাবাজার উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হলেও উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তালাবদ্ধ থাকতে দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলে দেখা মেলেনি কোনো শিক্ষক-শিক্ষার্থীর। টানানো হয়নি জাতীয় পতাকা। এ খবরে দৈনিক হাওরাঞ্চলের গণমাধ্যমকর্মী সরেজমিনে তালাবদ্ধ বিদ্যালয়টির ভিডিও করেন। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে ক্ষুব্ধ হন স্কুলের শিক্ষকেরা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় তালাবদ্ধ থাকায় অনেক শিক্ষার্থীকে বইখাতা নিয়েও স্কুল আঙিনা থেকে বাড়িতে ফিরে যেতে হয়েছে। আবার অনেকেই বলেছেন সকালে কয়েকজন শিক্ষক এসে দায় এড়াতে মাস্ক বিতরণ করেই স্কুল তালাবদ্ধ রেখে চলে যান।

এ বিষয়ে সংবাদকর্মী এম এ মোতালিব ভূঁইয়া বলেন, ‘সংবাদ সংগ্রহে বিদ্যালয়ে গিয়ে ওই বিদ্যালয় তালাবদ্ধ দেখতে পেয়ে ভিডিও করি। এর কিছুক্ষণ পরেই সহকারী শিক্ষক আল আমিন আমাকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিসহ প্রাণনাশের হুমকি দেন। আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া বলেন, ‘স্কুল খোলা হয়েছে। সাংবাদিকের সঙ্গে সহকারী শিক্ষক আল আমিনের মোবাইল ফোনে অসদাচরণের বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করছি।’

যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার ছানা বলেন, ‘বিদ্যালয় তালাবদ্ধ রাখার খবর পেয়েছি। আমরা এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।’