সুনামগঞ্জ প্রতিনিধি:
সরকারি প্রতিষ্ঠানের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের দাবী জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন ও বিডব্লিউজিইডি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক সুনাম কণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক শেরগুল আহমদ, ফেড সুনামগঞ্জ এর সভাপতি মোঃ আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জ এর সহ সভাপতি নুরুল হাসান আতাহের, সম্পাদক এ কে কুদরত পাশা, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ এবং বাসস জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ
স্মারকলিপিতে উল্লেখ করা হয় দেশের অর্থনৈতিক ও টেকসই উন্নয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন। এই লক্ষ্যের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী তিন মাসের মধ্যে দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়সহ সরকারি অফিসসমূহে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ভবনের বিশাল অব্যবহৃত ছাদসমূহকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে—
• জাতীয় গ্রিডের উপর চাপ কমবে;
• সরকারি অফিসসমূহের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে কমবে;
• দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন ব্যয় হ্রাস পাবে;
• জ্বালানি আমদানি হ্রাসে,বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে;
• স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে;
• কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণ কমবে;
• জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
স্মারকলিপিতে সরকারী সিদ্ধান্তের আলোকে
* জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা;
* রুফটপ সোলার স্থাপনে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা, সমন্বয় ও তদারকি নিশ্চিত করা;
* স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সম্পৃক্ত ও উৎসাহিত করা;
* নেট-মিটারিং সুবিধা সহজতর ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা;
* সাধারণ জনগণের মাঝে রুফটপ সোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রচার কার্যক্রম পরিচালনা করার দাবি জানানো হয়।