সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলা পর্যায়ে ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলাপ্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৭মে রবিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এর সভাপতিত্বে ভূমিসেবার আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ প্রশাসন এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল নাগরিকের অবগতির জন্য জানানো হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে উক্ত ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হবে। নাগরিকগণ জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ ও সকল উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে পারবেন: যার মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম। হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান।এছাড়াও ই-নামজারির আবেদন গ্রহণ। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ। অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং সেবাগ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান, ইত্যাদি। এতে সংশ্লিষ্ট সকল নাগরিককে মেলায় অংশগ্রহণ করে উল্লিখিত ভূমিসেবা গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। আলোচনা সভায় গণ মাধ্যম কর্মীরা জেলা প্রশাসকের নিকট ভূমি খেকোঁদের নিকট হতে সরকারি ভূমি দখল মুক্ত করার জন্য এবং ভূমি অফিসের হয়রারানী বন্ধের দাবী জানান। এসময় জেলা মোহাম্মদ মিনহাজুর রহমান সাংবাদিকদের কথা মনোযোগ সহকারে নোট করেন এবং শহরের অবৈধভাবে দখলকৃত সরকারি খাল ভূমি খেকোঁদের কবল থেকে উদ্ধার করে খাল খননের আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সমর কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিডি এলজি অসীম চন্দ্র বনিক,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান, সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক,সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, এমদাদুল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সুনামগঞ্জ সদর ইউএনও সুলতানা জেরিন,সহকারী কমিশনার ভূমি সদর আদিত্য পাল, সাংবাদিক অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।