ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (পহেলা জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক মহিউদ্দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
জানা যায়, নতুন অর্থবছরের বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকা। সে হিসাবে গত বছরের তুলনায় এবারে ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা কমেছে।
বাজেটের আয়-ব্যয়ের খাত বিশ্লেষণে দেখা যায়, রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে প্রাপ্তি ধরা হয়েছে ৪০ কোটি ৮৫ লাখ টাকা। অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব তহবিলে ৯ কোটি টাকা এবং উন্নয়ন তহবিলে ৪০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। রাজস্ব খাতে সম্ভাব্য উদ্বৃত্ত অর্থ ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে ব্যয় করার পরিকল্পনার কথাও জানানো হয়।
বিগত অর্থবছরের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে প্রকৃত ব্যয় হয়েছে ৫২ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫৯৪ টাকা। অর্থবছর শেষে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫ টাকা সমাপনী উদ্বৃত্ত হিসেবে পৌর তহবিলে জমা ছিল।
পৌর প্রশাসক মহিউদ্দিন বলেন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের হিসাব বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা অব্যাহত থাকবে।
পৌর প্রশাসক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা সভায় পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা কুলসুমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা জসিম উদ্দিন সুমন, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, ছাতক কলেজের সাবেক অধ্যাপক হরিপদ দাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।