• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা:শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা:শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

বিবিএন ডেস্ক: ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ৩ বাহিনীর প্রধানগণ, আওয়ামী লীগের সিনিয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। রাজধানী ঢাকা ছাড়া দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি।