নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া না লাগায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ চলমান থাকলেও ৩নং ওয়ার্ড যেন সব দিক থেকেই উপেক্ষিত বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলা শহরের নিকটবর্তী জয়নগর, শাহ আরফিন নগরসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াতের সড়কটি এখন বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে হাঁটুসমান কাদা জমে যায় এবং সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। ফলে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর দেশের প্রায় সব অঞ্চলে উন্নয়ন হলেও তাদের এই ওয়ার্ড এখনো পড়ে আছে অবহেলায়। রাস্তা-ঘাটের কোনো উন্নয়ন হয়নি, বরাদ্দ এলেও তা এখানে পৌঁছায় না বলে দাবি তাদের।
বিশেষ করে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। কাদা ও পানিতে ভরা রাস্তায় রোগী বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় জরুরি চিকিৎসা পেতেও দেরি হচ্ছে, যা জীবনঝুঁকির কারণ হয়ে উঠছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা কি এই দেশের নাগরিক নই? আমাদের এলাকা কেন উন্নয়ন থেকে বঞ্চিত? উপজেলা শহরের এত কাছে হয়েও আমরা কেন এমন অবহেলার শিকার?”
তাদের মতে, বৃষ্টি মৌসুম এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। জলাবদ্ধতার কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়ে, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এলাকাবাসীর প্রশ্ন—
নোয়ারাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এই অবহেলার দায় কার? কবে মিলবে উন্নয়নের ছোঁয়া?
দ্রুত সড়ক সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী হাজারো মানুষ।

