• [english_date] , [bangla_date] , [hijri_date]

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার নিয়মে পরিবর্তন, ৩০ নভেম্বর থেকে বাড়ছে ব্যাংক ব্যালেন্সের শর্ত

bilatbanglanews.com
প্রকাশিত October 30, 2026

বিবিএন ডেস্ক:

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে স্টুডেন্ট ভিসার আবেদনে জীবনযাত্রার খরচ বাবদ ব্যাংকে আগের চেয়ে বেশি অর্থ দেখাতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি মাসে জীবনযাত্রার খরচ বাবদ ১ হাজার ৫৭০ পাউন্ড দেখাতে হবে। আগে এ পরিমাণ ছিল ১ হাজার ৫২৯ পাউন্ড। সর্বোচ্চ ৯ মাসের হিসাবে এখন ব্যাংকে দেখাতে হবে ১৪ হাজার ১৮০ পাউন্ড।

অন্যদিকে, লন্ডনের বাইরে পড়াশোনা করতে আগ্রহীদের প্রতি মাসে ১ হাজার ২০৩ পাউন্ড দেখাতে হবে। আগে এ পরিমাণ ছিল ১ হাজার ১৭১ পাউন্ড। ৯ মাসের হিসাবে প্রয়োজন হবে ১০ হাজার ৮২৭ পাউন্ড।

তবে জীবনযাত্রার খরচের এই অর্থ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির বাইরে আলাদাভাবে দেখাতে হবে। পাশাপাশি ভিসা আবেদন ফি ও স্বাস্থ্যসেবা সারচার্জের খরচও বহন করতে হবে শিক্ষার্থীদের।

নতুন নিয়ম অনুযায়ী, ৩০ নভেম্বর বা তার পরে ভিসার আবেদন করলে বর্ধিত অর্থের প্রমাণ দিতে হবে। আবেদনের আগে টানা ২৮ দিন নির্ধারিত অর্থ ব্যাংক হিসাবে জমা থাকতে হবে।

শিক্ষার্থীরা নিজেদের ব্যাংক হিসাবের পাশাপাশি বাবা-মায়ের ব্যাংক হিসাবের মাধ্যমেও আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে পারবেন। এ ছাড়া গ্রহণযোগ্য ক্ষেত্রে শিক্ষাঋণ কিংবা সরকারি বা স্বীকৃত প্রতিষ্ঠানের স্পনসরশিপের কাগজপত্রও ব্যবহার করা যাবে।

তবে যারা ইতোমধ্যে বৈধভাবে অন্তত এক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন, তাদের ক্ষেত্রে আর্থিক সক্ষমতার প্রমাণ দেখানোর শর্তে ছাড় রয়েছে।