• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা বৃদ্ধি।

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা বৃদ্ধি।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা চলছে। এই সুযোগে সীমান্ত দিয়ে এক শ্রেণির অসাধু পাচারকারী অধিক মুনাফার আশায় গোপনে তেল পাচারের চেষ্টা করছে বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির আশংকায় সীমান্ত পথে অবৈধভাবে তেল পাচার রোধকল্পে সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

 

শুক্রবার (০৬ মার্চ) সকাল থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করতে চেকপোস্ট বসানোর পাশাপাশি বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি এলসি পয়েন্টে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক/ডাম্পারগুলো আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করার সময় অবৈধভাবে তেল পাচার করতে না পারে।

 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের অস্থিরতার কারণে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেলের মজুদ এবং পাচারের ঝুঁকি থাকায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ গোয়েন্দা নজরদারী ও সতর্ক অবস্থানে রয়েছে।

 

তিনি আরও জানান, সীমান্তে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি যেসব রুট দিয়ে জ্বালানি তেল পাচারের আশংকা বেশি রয়েছে সেসব পয়েন্টে চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। জ্বালানি তেল পাচারসহ যেকোন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।