সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শুল্ক স্টেশন থেকে ট্রাকে কয়লা পরিবহন বন্ধের দাবিতে কয়লা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কয়লা শ্রমিক অংশ নেন। মিছিল শেষে শ্রমিকরা তাদের দাবির পক্ষে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
শ্রমিক সূত্রে জানা যায়, উপজেলার তিনটি শুল্ক স্টেশন দিয়ে প্রতিবছর লক্ষ লক্ষ টন কয়লা ও চুনাপাথর আমদানি করা হয়। চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশনের ডিপো থেকে সরাসরি ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে কয়লা পরিবহন করায় স্থানীয় শ্রমিকরা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
শ্রমিকরা জানান, আগে ডিপো থেকে কয়লা বস্তাবন্দি করে মাথায় বহন করে ছোট নৌকায় তোলা হতো এবং পরে পাটলাই নদীর তীরে নিয়ে বড় নৌকায় স্থানান্তর করা হতো। এতে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হতো। কিন্তু বর্তমানে কিছু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় ট্রাকে সরাসরি কয়লা পরিবহন করায় শ্রমিকদের কর্মসংস্থান সংকুচিত হয়েছে।
শ্রমিক রোবেল মিয়া বলেন, ট্রাকে করে কয়লা পরিবহন করা হলে আমাদের কোনো কাজ থাকে না। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও আমরা কর্মহীন হয়ে পড়ছি এবং মানবেতর জীবনযাপন করছি।
শ্রমিকরা আরও অভিযোগ করেন, যে সড়ক দিয়ে ট্রাক চলাচল করছে সেখানে ভারী যান চলাচলের অনুমতি নেই। তবুও ট্রাকে কয়লা পরিবহন করা হচ্ছে।
এ বিষয়ে তাহিরপুর আমদানিকারক সমিতির সভাপতি খসরুল আলম বলেন, এ বিষয়ে আমাকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। আগে কিছু আলোচনা শুনেছি। শ্রমিকদের স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রমিকরা দ্রুত ট্রাকে কয়লা পরিবহন বন্ধ করে নৌপথে পরিবহন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।