• [english_date] , [bangla_date] , [hijri_date]

সবাই মিলেই দেশকে এগিয়ে নিতে হবে- সিলেট বিভাগীয় কমিশনার।

bilatbanglanews.com
প্রকাশিত January 8, 2025
সবাই মিলেই দেশকে এগিয়ে নিতে হবে- সিলেট বিভাগীয় কমিশনার।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সিলেট বিভাগের কমিশনার খান মোঃ রেজা উন নবী বলেছেন,সবাই মিলেই এই দেশটাকে আরও এগিয়ে নিতে হবে। সবার সাথেই সমান আচরণ করতে হবে। দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সততার কোন বিকল্প নেই। নতুন করে শুরু করতে হবে। আমরা ব্যর্থ হতে চাই না। আগে কথা বলার সুযোগ ছিল না। এখন মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারছে। বিগত সময়ে তারা শাসক থেকে সম্রাট, সম্রাট থেকে মহারাজা হয়েছিলেন। নিরপেক্ষ মূল্যায়ন দীর্ঘদিন ধরেই হয় নাই। তারই কারণে দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তিনি আরও বলেন মানুষের প্রত্যাশা খুব বেশী না,তাদের কথা শুনুন,সম্ভব হলে তাদের কাজ করে দিন। মানুষ আপনাকে পাশে পায় কি না সেটা বড় বিষয়। প্রতিটা সেক্টরের দূর্নীতিমুক্ত করতে হবে । লুঙ্গি পড়া সাধারণ মানুষেরা যদি দেশ স্বাধীন করতে পারেন তাহলে আমরা সুট টাই পড়া শিক্ষিত, সচেতনরা কেন দেশ দূর্নীতিমুক্ত করতে পারব না। এছাড়াও তিনি সুনামগঞ্জ জেলার বোরো ফসল রক্ষার জন‍্য চলমান হাওরের বাঁধ নির্মাণ কাজ আরও দ্রুত এবং স্বচ্ছতার সাথে করার আহবান জানিয়েছেন। সুনামগঞ্জ জেলার নানা সমস্যার কথাও শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

৮ জানুয়ারি দুপুর১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সুনামগঞ্জ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সুধী জনের সাথে মত বিনিময় সভায় বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় আর ও উপস্থিত থেকে মত বিনিময় করেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ছাব্বির আহমদ আকুঞ্জি,অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ সঞ্জিত কুমার চন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে, সিভিল সার্জন ডাঃ মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমা,পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ ও সুধীজন ।