• ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

জেলা পরিষদ নির্বাচন ২০২২ সুনামগঞ্জে কে হবেন নৌকার মাঝি

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২২
জেলা পরিষদ নির্বাচন ২০২২ সুনামগঞ্জে কে হবেন নৌকার মাঝি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ২০২২ দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর প্রথম বারের মত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, বাছাই ১৮ সেপ্টেম্বর, আপীল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

ঘোষিত তফসিলের পর পরই সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। যদিও অনেক আগ থেকেই নানা কৌশলে মাঠে সরব এমন জানান দিয়ে রেখেছেন। তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ ঢাকায় গিয়ে দলীয় মনোনয়ন লাভের জন্য লবিং করছেন। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে নৌকার মাঝির দায়িত্ব নিতে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ শুরু করেছেন বেশ আগে থেকেই। কেউ কেউ এখনও ঢাকায় বসে তদবির করছেন। সম্ভাব্য যেসব প্রার্থীদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে কেউ আমেরিকা, কেউ লন্ডন অবস্থান করলেও তাদের পক্ষে লবিং অব্যাহত রয়েছে ।

আওয়ামীলীগের মনোনয়নে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন করতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম আলোচনায় আছে তারা হলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, ও বর্তমানে জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট। মুকুট সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ প্রায় ২০ বছর সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবারও তিনি দলীয় মনোনয়ন লাভের জন্য ঢাকায় কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান ও জেলা পরিষদ নির্বাচন করতে আগ্রহী। তবে তিনি বেশ কিছুদিন ধরেই আমেরিকা অবস্থান করছেন। তার ঘনিষ্ঠ দের মতে তিনি অদ্যই দেশে আসছেন। এছাড়াও সেখান থেকেই তিনি লবিং করছেন এবং তার অনুসারীদের পক্ষ থেকেও চেষ্টার কমতি নেই।

সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য সামছুন নাহার বেগম শাহানা ও দলীয় মনোনয়ন প্রত্যাশি। যদিও তিনি লন্ডন অবস্থান করছেন। তার পক্ষেও তার পরিবারের সদস্যদের চেষ্টাও তদবির অব্যাহত আছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিপি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের দীর্ঘদিন দায়িত্বশীল এডভোকেট আব্দুর রইছ চৌধুরীর পুত্র এডভোকেট খায়রুল কবির রুমেন ও দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

যার তিন সহোদর মনোয়ার বখত নেক, আয়ূব বখত জগলুল ও নাদের বখত সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পেয়েছেন তাদের আরেক সহোদর সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হোসেন বখত এর পুত্র নোমান বখত পলিন ও দলীয় মনোনয়ন প্রত্যাশি।

জেলা পরিষদ নির্বাচনে জেলার ৮৮ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, চার পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ১১ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা ভোট দেবেন। মোট ভোটার ১২২৯ জন স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রথম প্রশাসক ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

বিগত নির্বাচনে ও ইমন ও মুকুট নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হন। মুকুট পেয়েছিলেন ৭৮২ ভোট এবং ব্যারিস্টার ইমন ৪২০ ভোট পেয়ে পরাজিত হন।
এবারের নির্বাচনে ইমন অংশগ্রহণ করবেন না কারণ তিনি আগাম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশি।

নুরুল হুদা মুকুট বলেন, আমি নির্বাচিত হয়ে জেলার মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ঈদগাহ, কবরস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছি। আমি আশাবদী নেত্রী আবার ও আমাকে জেলা পরিষদের মাধ্যমে কাজ করার সুযোগ দেবেন।

পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন বলেন আমি ছাত্র জীবন থেকেই দলের কাজ করে এখন আওয়ামীলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছি। আমাকে সুযোগ দিলে মানুষের জন্য কাজ করতে পারব।

নোমান বখত পলিন বলেন আমাদের পুরো পরিবারের সদস্যগণ সারা জীবন দলের প্রতি আনুগত্য প্রকাশ করে কাজ করে যাচ্ছি। জেলা পরিষদের মত বড় দায়িত্ব পেলে আমি আরও বেশী কাজ করতে পারব।